পাঞ্জাবি টেনে ধরায় বুদ্ধিপ্রতিবন্ধীকে গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগ
Advertisement
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১০:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের বোয়ালমারীতে পাঞ্জাবি টেনে ধরায় এক বুদ্ধিপ্রতিবন্ধীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে আক্তার খালাসি নামের কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
মঙ্গলবার সন্ধ্যায় বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারে বাবলু মোল্লার চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
আহত সোহেল মোল্লা (৩১) বোয়ালমারী উপজেলার ফলিয়া গ্রামের শাহাজাহান মোল্লার ছেলে। অভিযুক্ত আক্তার খালাসি পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সদস্য।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল মোল্লা একজন বুদ্ধিপ্রতিবন্ধী। মঙ্গলবার সন্ধ্যায় বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারে বাবলু মোল্লার চায়ের দোকানে বসে চা পান করছিলেন আওয়ামী লীগ নেতা আক্তার খালাসিসহ কয়েকজন। এ সময় সোহেল মোল্লা প্রথমে আক্তার খালাসির পাঞ্জাবির হাতা টেনে ধরেন। পরে পাঞ্জাবির কলার টেনে ধরলে উত্তেজিত হয়ে আক্তার খালাসি চায়ের দোকানের কেটলির গরম পানি ঢেলে দেন প্রতিবন্ধী সোহেল মোল্লার শরীরে।
চায়ের দোকানদার বাবলু মোল্লা বলেন, সোহেল মোল্লা একজন বুদ্ধিপ্রতিবন্ধী। সে আক্তার খালাসির পাঞ্জাবি টেনে ধরায় তিনি ক্ষিপ্ত হয়ে আমার দোকানের চায়ের গরম পানি তার শরীরে ঢেলে দেন।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা আক্তার খালাসি বলেন, আমার পাঞ্জাবি টেনে ধরে, পরে আমার গলা চেপে ধরলে আমি ছাড়াতে গিয়ে কেটলি দিয়ে আঘাত করি; কিন্তু কেটলিতে গরম পানি ছিল আমার জানা ছিল না। এ ঘটনায় আমি নিজেই অনুতপ্ত।
ভুক্তভোগী সোহেল মোল্লার বাবা শাহাজাহান মোল্লা বলেন, মারাত্মক আহত অবস্থায় ছেলে সোহেলকে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ছেলেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। আমার ছেলে বুদ্ধিপ্রতিবন্ধী। আমি গরিব মানুষ, টাকা-পয়সা নেই। এখন ছেলের চিকিৎসা করাব কিভাবে বুঝতে পারছি না। আমি এ ঘটনার বিচার চাই।
বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার পরিদর্শক আবুল হাসনাত খান বলেন, হাসপাতালে ছেলেটিকে দেখেছি। যেহেতু ঘটনাস্থল বোয়ালমারী, সেই কারণে ভুক্তভোগীর স্বজনদের বোয়ালমারী থানায় যাবার পরামর্শ দেওয়া হয়েছে।
বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে কেউ এখনো কোনো অভিযোগ দেয়নি।
