ঋষিপাড়ায় নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড, পুলিশ সদস্য আটক
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১০:২৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর ঋষিপাড়ায় এক নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে জুয়েল নামে এক পুলিশ সদস্যকে আটক করেছেন স্থানীয় জনতা। পরে নলডাঙ্গা থানা পুলিশ খবর পেয়ে আটক পুলিশ সদস্য জুয়েলকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় নলডাঙ্গা থানার কনস্টেবল পদে দায়িত্বরত অভিযুক্ত পুলিশ সদস্য জুয়েলকে রোববার বিকালে নলডাঙ্গা থানা থেকে অন্যত্র বদলি করার প্রস্তুতি চলছে বলে থানার ওসি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, নলডাঙ্গা থানার কনস্টেবল জুয়েলের সঙ্গে ওই নারীর দীর্ঘদিনের সম্পর্ক। এলাকাবাসীর কাছে তাদের চলাফেরা ও কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় গ্রামবাসী তাদের দুজনের ওপর নজরদারি করেন। একপর্যায়ে শনিবার রাত ১০টার দিকে পুলিশ কনস্টেবল জুয়েল ওই নারীর ঘরে প্রবেশ করেন। কিছু সময় পর গ্রামবাসী সেখানে গিয়ে জুয়েলসহ ওই নারীকে হাতেনাতে আটক করেন।
প্রায় এক ঘণ্টা পরে ঘটনাটি থানা পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে জুয়েলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর থেকেই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য একটি মহল তৎপরতা শুরু করে বলেও অভিযোগ গ্রামবাসীর।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, আটক পুলিশ সদস্য জুয়েলকে তারা জনতার কাছ থেকে নিয়ে এসেছেন। তবে কী কারণে জুয়েল সেখানে গিয়েছিল সেই বিষয়টি তারা এখনো নিশ্চিত নয়। অভিযুক্ত পুলিশ সদস্য জুয়েল সেখানে কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত এমন প্রমাণ না পেলেও রাতের বেলা কেন তিনি ওই বাড়িতে গিয়েছেন তার পক্ষেও তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। ফলে বিকালেই তাকে (জুয়েল) অন্যত্র বদলির ব্যবস্থা করা হয়েছে বলে ওসি জানান।
অনৈতিক কাজ করতে গিয়ে পুলিশ সদস্য আটকের বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
