সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কে প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
এশিয়ান হাইওয়ে সড়কের সোনারগাঁ উপজেলার চেঙ্গাইন এলাকায় শুক্রবার ভোরে এক সৌদি আরব প্রবাসীর গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে।
ডাকাত দল ওই প্রবাসীর কাছ থেকে মোবাইল সেট, ল্যাপটপ, নগদ টাকা-পয়সা, পাসপোর্ট ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী সৌদি আরব প্রবাসী বোরহান উদ্দিন চট্টগ্রামের মিরসরাই থানার পূর্ব পোল মোগড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে।
এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা যায়, সৌদি আরব প্রবাসী বোরহান উদ্দিন একটি মাইক্রোবাসযোগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার মধ্যরাতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথে এশিয়ান হাইওয়ের সোনারগাঁ উপজেলার চেঙ্গাইন সোনারগাঁ ফুড প্রোডাক্টের সামনে গাড়িটি পৌঁছার পর ৫-৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভয়ভীতি দেখিয়ে গাড়িটির গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি সৌদি আরব প্রবাসী বোরহান উদ্দিনের কাছ থেকে নগদ টাকা-পয়সা, আইফোন, ল্যাপটপ, ৯০ গ্রাম স্বর্ণালংকার ও দুটি পাসপোর্টসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
সৌদি আরব প্রবাসী বোরহান উদ্দিন জানান, রাত সাড়ে ১২টার দিকে তিনি বিমানবন্দর থেকে চট্টগ্রামের মিরসরাইয়ের উদ্দেশ্যে রওনা হন। পথে সোনারগাঁয়ের চেঙ্গাইন এলাকায় কয়েকজন মুখোশধারী ডাকাত রামদা নিয়ে তাকে বহনকরা মাইক্রোবাসটির গতিরোধ করে। একপর্যায়ে ডাকাতদল তার গলায় রামদা ঠেকিয়ে পাসপোর্ট, ল্যাপটপ, নগদ ১২ হাজার টাকা, একটি আইফোন, স্বর্ণালংকার ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
এলাকাবাসী জানান, এশিয়ান হাইওয়ে সড়কে একের পর এক ডাকাতি সংঘটিত হলেও হাইওয়ে পুলিশের তেমন কোনো তৎপরতা দেখা যায় না। ফলে ডাকাত দল একের পর এক বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন। এ সড়ক দিয়ে চলাচলরত পরিবহণ যাত্রী ও শ্রমিকরা প্রতিনিয়ত চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
কাঁচপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক বিষ্ণুপদ শর্মা বলেন, এশিয়ান হাইওয়েতে তাদের কোনো টিম কাজ করে না। তাদের ৮টি টিম বিভিন্ন জায়গায় ভাগ করে দায়িত্ব পালন করেন। তবে এশিয়ান হাইওয়ে সড়কে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ নিরাপত্তা দিয়ে থাকেন।
সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ বলেন, এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
