বোয়ালমারীতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা, দোকান–বাড়ি ভাংচুর, আহত ১৫
Advertisement
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী চরপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় কয়েকটি দোকান ও বাড়িতেও হামলা চালিয়ে ভাংচুর করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে উভয় পক্ষের মধ্যে ধাওয়া–পালটা ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী চরপাড়া গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেনের ২১ দশমিক ৫০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। অভিযোগ রয়েছে, দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা ও তার সহযোগীরা ওই জমির একটি অংশ দখল করে ২০২০ সালে সেখানে পাকা স্থাপনা নির্মাণ করেন। এ নিয়ে একাধিকবার মামলা–মোকদ্দমা হয়েছে। মোশাররফ হোসেন জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেন। শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে বিরোধ নিষ্পত্তির জন্য সালিশ বৈঠকের কথা থাকলেও চেয়ারম্যানপক্ষ উপস্থিত হয়নি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সংশ্লিষ্ট স্থাপনায় তালা দেন। এর জেরে শনিবার বিকালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগ অনুযায়ী, চেয়ারম্যানপক্ষের সমর্থকরা চরপাড়া বাজার এলাকায় এসে বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাংচুর চালায়। এ সময় ছিরু মাতুব্বরের সারের দোকান, জাহিদুল ইসলামের বাড়ি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতা এনামুল চৌধুরীর বাড়িতেও হামলা ও ভাংচুর করা হয়।
স্থানীয়দের দাবি, হামলায় শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে অংশ নেয়। এতে নারী–পুরুষসহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিল্লাল হোসেন বলেন, হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও তিনি জমির দখল পাননি। বর্তমানে ওই জমি চেয়ারম্যানপক্ষের দখলে রয়েছে। তিনি বিএনপির অস্থায়ী কার্যালয় ভাংচুর ও হামলার অভিযোগ করেন।
ছিরু মাতুব্বর অভিযোগ করে বলেন, তার সারের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।
তবে সব অভিযোগ অস্বীকার করে মোশাররফ হোসেন বলেন, তার বাড়িতে তালা লাগানো হয়েছে এবং তার লোকজনকে উসকানি দেওয়া হয়েছে। বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগ তিনি অস্বীকার করে একে ষড়যন্ত্র বলে দাবি করেন।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা সার্কেল) আজম খান বলেন, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

