Logo
Logo
×
   

সারাদেশ

নারী কেলেঙ্কারি, সেই যুবদল নেতাকে অব্যাহতি

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১০:৪০ পিএম

নারী কেলেঙ্কারি, সেই যুবদল নেতাকে অব্যাহতি

মনিরুজ্জামান মনির

ফেনীর ফুলগাজীতে নারী কেলেঙ্কারির ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদ আহমদ ভূঁইয়া ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত দেওয়া হয়।

ঘটনা তদন্ত করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে গঠন করা হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। সেই সঙ্গে তাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- এজন্য তাকে সাত দিনের মধ্যে সরাসরি কারণ দর্শাতেও বলা হয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. ইব্রাহিম হোসেন, মোশারফ হোসেন সোহেল ও বেলাল হোসেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় ফুলগাজী এবং ফেনীর বিভিন্ন সংবাদমাধ্যমে তাকে নিয়ে নারীঘটিত একটি ভিডিও ফুটেজ তাদের দৃষ্টিগোচর হয়। তাদের কাছে মনিরুজ্জামান মনিরের কার্যক্রম, চালচলন, সংগঠন ও দলীয় শৃঙ্খলাবিরোধী হিসেবে  প্রতীয়মান হয়েছে। এ অবস্থায় তাকে ফুলগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও দলের প্রাথমিক সদস্যসহ সব ধরনের কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের দলীয় শৃঙ্খলা ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- তা আগামী ৭ দিনের মধ্যে সরাসরি ও লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, ২০ এপ্রিল মধ্যরাতে ফুলগাজীর বসন্তপুর গ্রাম থেকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরকে এক বিধবা নারীর ঘর থেকে আটক করেন এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .