ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সুনামগঞ্জের জামালগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শান্ত দাস (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সাচনাবাজারের রামকৃষ্ণ ভাণ্ডারের দ্বিতীয়তলায় গোডাউনে ফ্যানের রডের সঙ্গে ফাঁস দেন তিনি।
মৃত শান্ত দাস (২২) উপজেলার উত্তর ইউনিয়নের রামপুর গ্রামের চন্দন দাসের ছেলে। তিনি সাচনাবাজারের একটি মুদি দোকানের কর্মচারী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শান্ত দাস সন্ধ্যায় তার ফেসবুকের স্ট্যাটাসে তার নিজের ছবিতে ‘শেষ স্মৃতি’ লিখে দোকান পরিচালনার কোনো এক ফাঁকে সবার চোখ ফাঁকি দিয়ে গোডাউনের দ্বিতীয় তলায় ফ্যানের রডের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। হঠাৎ দোকানের অন্য এক কর্মচারী গোডাউন থেকে মালামাল আনতে গিয়ে রশির সঙ্গে ঝুলে থাকতে দেখেন। তার চিৎকারে মালিকসহ অন্য কর্মচারীরা ঝুলে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করে।
যুবকের আত্মহত্যার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী জানান, প্রেমঘটিত কারণে ওই যুবক আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
