রাশিয়ান নাগরিকদের সঙ্গে থাকা তিন তরুণীকে অপহরণ, পরে মুক্তি
Advertisement
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঈশ্বরদীতে তিন তরুণীকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তারা রাশিয়ান নাগরিকদের সঙ্গে ঈশ্বরদী থেকে একটি অটোরিকশায় রূপপুর প্রকল্পের আবাসনের দিকে আসছিলেন।
তবে ঘটনার প্রায় এক ঘণ্টা পর অপহৃত ওই তিন তরুণীকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা এবং তারা নিজেরাই থানায় গিয়ে আশ্রয় নেয়।
রোববার (২৬ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে উপজেলার আইকে রোডের মানিকনগর ‘ল্যাংড়ার দোকান’ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন রাশিয়ান নাগরিক তিন তরুণীকে সঙ্গে নিয়ে একটি অটোবাইকে ঈশ্বরদী থেকে ফিরছিলেন। ঘটনাস্থলে অটো পৌঁছলে হঠাৎ একদল যুবক অটোবাইকের গতিরোধ করে। পরে তারা জোরপূর্বক তিন তরুণীকে গাড়ি থেকে নামিয়ে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং দ্রুত একটি গাড়িতে তুলে নিয়ে যায়।
এ সময় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা কিছু বুঝে ওঠার আগেই অপহরণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তবে অপহরণের প্রায় এক ঘণ্টা পর স্বেচ্ছায় ওই তিন তরুণী ঈশ্বরদী থানায় উপস্থিত হয়ে পুলিশকে জানান, তাদের কোনো ক্ষতি করা হয়নি। অপহরণকারীরা তাদের ছেড়ে দিয়েছে এবং মোবাইল ফোনগুলোও ফেরত দিয়েছে। এ ঘটনায় আমরা কোনো অভিযোগ দাখিল করতে আগ্রহী নই।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহরণকারী যুবকদের পরিচয় কিংবা অপহৃত তরুণীদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে থাকা রাশিয়ান নাগরিকদের ভূমিকাও রহস্যজনক।
এদিকে প্রকাশ্যে সড়কের ওপর এমন দুঃসাহসিক ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান জানান, ঘটনার কিছু সময় পর তিন তরুণী নিজেরাই থানায় আসে। তারা জানান, তাদের কোনো ক্ষতি হয়নি এবং মোবাইল ফোন ফেরত পেয়েছে। নিরাপত্তার স্বার্থে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে।
