Logo
Logo
×
   

সারাদেশ

নিষিদ্ধ এলাকায় হঠাৎ হেলিকপ্টার অবতরণ

অল্পের জন্য রক্ষা পেল বিবিয়ানা গ্যাস ফিল্ড

Icon

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:২৬ পিএম

নিষিদ্ধ এলাকায় হঠাৎ হেলিকপ্টার অবতরণ

হেলিকপ্টার অবতরণের সঙ্গে সঙ্গে গ্যাস ফিল্ডে থাকা রিজার্ভ পুলিশ ও সেনাবাহিনীর একটি বিশেষ দল পুরো এলাকা ঘিরে ফেলে।

অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এশিয়ার সর্ববৃহৎ গ্যাসকূপ নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ড। সোমবার (২৭ এপ্রিল) বিকালের দিকে ঝড়ের কবলে পড়ে হঠাৎ বিবিয়ানা গ্যাস ফিল্ডের ভেতরে পরিবহণ ও মানুষ চলাচল নিষিদ্ধ এলাকায় একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করে। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বিবিয়ানা এলাকায় রেড অ্যালার্ট জারি করে শেভরন বাংলাদেশ।

সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকালে নবীগঞ্জের উপর দিয়ে ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় সিলেট থেকে কুমিল্লাগামী একটি প্রাইভেট হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে।  হেলিকপ্টারটি নবীগঞ্জ উপজেলার বান্দেরবাজার এলাকায় নিচুতে নেমে বিকট শব্দ করে ঘোরাফেরা করতে থাকে। একপর্যায়ে এটি হঠাৎ করে বিবিয়ানা গ্যাস ফিল্ডের ওয়েস্ট প্যাডের মূল প্যাডে (যেখানে পরিবহণ ও মানুষের চলাচল নিষিদ্ধ) সীমাবদ্ধ এলাকায় অবতরণ করলে গ্যাস ফিল্ডে চরম আতঙ্কের সৃষ্টি হয়। 

কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হুলুস্থুল পড়ে যায়। সঙ্গে সঙ্গে গ্যাস ফিল্ডে থাকা রিজার্ভ পুলিশ ও সেনাবাহিনীর একটি বিশেষ দল পুরো এলাকা ঘিরে ফেলে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করা হয়।

কুমিল্লার একটি ব্যবসায়ী পরিবার হেলিকপ্টার নিয়ে সিলেট ভ্রমণে এসেছিলেন। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ হেলিকপ্টারটি ঝড়ের কবলে পড়ে।  কোনো উপায় না পেয়ে তারা নিচে গ্যাস ফিল্ড দেখে সেখানে অবতরণ করেন।

বিবিয়ানা গ্যাস ফিল্ডের এক নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের বক্তব্য দিতে নিষেধ করা হয়েছে। বিবিয়ানা এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। আমরা আতঙ্কে ছিলাম, কখন আগুন লেগে যায়। আমরা কয়েকজন পতাকা নিয়ে হেলিকপ্টার অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করলেও পাইলট সেটি উপেক্ষা করেন। আমরা নিশ্চিত ছিলাম বড় কিছু ঘটবে, কিন্তু আল্লাহ রক্ষা করেছেন। তিনি বলেন, যে স্থানে হেলিকপ্টারটি অবতরণ করেছে, সেখানে সামান্য এদিক-সেদিক হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

গ্যাস ফিল্ডের পাশের বাড়ির বাসিন্দা জাহাঙ্গীর বখত তালুকদার বলেন, আমরা চরম আতঙ্কের মধ্যে ছিলাম। হঠাৎ বিকট শব্দ করে হেলিকপ্টারটি গ্যাস ফিল্ডের ভেতরে অবতরণ করে। শত শত মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসে। যেখানে অবতরণ করা হয়েছে, সেখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। আল্লাহ রক্ষা করেছেন।

শেভরন বাংলাদেশের মিডিয়া রিলেশনস কর্মকর্তা শেখ জাহিদুর রহমান বলেন, একটি হেলিকপ্টার ঝড়ের কবলে পড়ে হঠাৎ গ্যাস ফিল্ডের ভেতরে অবতরণ করে। তারা বিষয়টি জানত না যে এটি একটি নিষিদ্ধ সংবেদনশীল এলাকা। ঝড়ের বাতাস থামলে হেলিকপ্টারটি মুচলেকা দিয়ে আবার উড্ডয়ন করে চলে যায়। তিনি আরও বলেন, কিছু সময়ের জন্য বিবিয়ানা এলাকায় রেড অ্যালার্ট জারি ছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .