বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী এবং বাবা-মেয়েসহ নিহত ৬
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৮:০১ পিএম
বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৬
|
ফলো করুন |
|
|---|---|
সুনামগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক ও স্বামী-স্ত্রী এবং বাবা-মেয়েসহ ৬ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় তিন জন আহত হয়েছেন।
এর মধ্যে ছাতক উপজেলার জালালপুর এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়ক বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা চালক ও একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছেন।
সোমবার দুপুরে ছাতকের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে সোমবার সকালে দিরাই-মদনপুর সড়কে বাসচাপায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন।
সুনামগঞ্জে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলার জালালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের মধ্যে ৪ জনের নাম-পরিচয় পাওয়া গেছে। নিহতরা সবাই নিকটাত্মীয়। এদের মধ্যে স্বামী-স্ত্রী, বাবা-মেয়ে রয়েছেন।
নিহতরা হলেন- তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের আব্দুস শুকুরের ছেলে শাহাব উদ্দিন (৪৫), তার সহধর্মিণী নিলুফা আক্তার (৩০), একই উপজেলার বালিজুড়ি ইউনিয়নের দেওরজালাল গ্রামের মৃত আব্দুল হাশিমের পুত্র ইউসুফ আলী (৫০) তার মেয়ে কেয়া মণি (১৭)। অপরজন হচ্ছেন সিএনজি অটোরিকশাচালক। তার নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী সিএনজি সিলেট যাচ্ছিল। অন্যদিকে রিফাত পরিবহণ নামের একটি বাস সিলেট থেকে সুনামগঞ্জ আসছিল। বাসটি ছাতক উপজেলার জালালপুর এলাকায় আসলে বাস-সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে যাত্রীবাহী সিএনজি বাসের নিচে চাপা পড়ে। এ সময় ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অপর ৩ জনের মৃত্যু হয়।
অপরদিকে সুনামগঞ্জের দিরাই-মদনপুর সড়কে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে এক নারী ঘটনাস্থলেই মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান এ তথ্য জানিয়েছেন। তবে নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
জয়কলস হাইওয়ে থানার ওসি আব্দুল মোতালেব বলেন, ছাতকের জালালপুর এলাকার দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, ছাতকের জালালপুর এলাকার দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন ও ওসমানী হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন নিহত হয়েছেন। এছাড়াও সুনামগঞ্জ সদর উপজেলায় দিরাই-মদনপুর সড়কেও একজন মারা গেছেন।
