|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার লালমাইয়ে দোকানে আটকে রেখে ৭ম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার যুক্তিখোলা ফাজিল মাদ্রাসার ওই ছাত্রীকে যুক্তিখোলা বাজারের একটি দোকানে আটকে রেখে ধর্ষণ করা হয়।
ওই বাজারের এনায়েত টেলিকমের স্বত্বাধিকারী এনায়েত উল্লাহর বিরুদ্ধে এ অভিযোগ করা হয়। খবর পেয়ে এর প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন ওই মাদ্রাসার শিক্ষার্থী এবং স্থানীয়রা। এ সময় ধর্ষককে অবিলম্বে গ্রেফতার দাবি করা হয়।
স্থানীয়রা জানান, রোববার দুপুরে মোবাইলে রিচার্জ করার জন্য মাদ্রাসাছাত্রী (১৩) এনায়েত টেলিকমে গেলে দোকান মালিক এনায়েত উল্লাহ তাকে ধর্ষণ করেন। এরপর দোকান বন্ধ করে পালিয়ে যান ওই ধর্ষক। এরই মধ্যে ওই মাদ্রাসার শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন একত্রিত হয়ে সড়ক অবরোধ করেন।
খবর পেয়ে লালমাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে থানার ওসি মো. নুরুজ্জামান বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবক, সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, আমরা ঘটনায় জড়িত এনায়েত উল্লাহকে গ্রেফতার করার চেষ্টা করছি।
