Logo
Logo
×
   

সারাদেশ

দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

Icon

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৫:৫১ পিএম

দিরাইয়ে দুপক্ষের সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় আহত রতন মিয়া নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

নিহত রতন মিয়া (২৭) আলীনগর গ্রামের সোনাই মিয়ার ছেলে। তিনি বিএনপি নেতা শাহাদীব মেম্বারের সমর্থক বলে জানা গেছে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলীনগর গ্রামের ভাটিপাড়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শাহাদীব মেম্বার ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল মুহিতের মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং এ নিয়ে তাদের মধ্যে একাধিক মামলাও রয়েছে।

সপ্তাহখানেক আগের একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। গত মঙ্গলবার বিকালে ভাটিপাড়া বাজার থেকে বাড়িতে যাওয়ার পথে আব্দুল মুহিতের লোকজন শাহাদীবকে আটক করে মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে শাহাদীব মেম্বারের লোকজন ও আব্দুল মুহিতের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের ৪০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে মুহিত মিয়ার লোকজন শাহাদীব মেম্বারের পক্ষের লোকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে।

দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, সংঘর্ষের ঘটনায় আহত রতন মিয়া সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো মামলা হয়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .