‘উকুননাশক ওষুধের গ্যাসে’ ৬৫ শিক্ষার্থী অসুস্থ
Advertisement
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৮:০৮ পিএম
শিশু শিক্ষার্থীদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে
|
ফলো করুন |
|
|---|---|
পাবনার ঈশ্বরদী উপজেলার একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে একটি মেয়াদোত্তীর্ণ উকুননাশক ওষুধের বোতলের নির্গত গ্যাস থেকে ৬০-৬৫ জন স্কুলশিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ সময় অনেক শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়ে।
বুধবার (১৩ মে) সকালে উপজেলার মুলাডলি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্স ও সিএনজি অটোরিকশায় করে শিশু শিক্ষার্থীদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
পাবনা-৪ এর সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল, উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব হাসপাতালে এসে অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ও ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা কাবেরী শাহ জানান, ধারণা করা হচ্ছে কোনো ধরনের গ্যাসে ও আতঙ্কে শিশুরা অসুস্থ হয়ে পড়েছিল। এখন সবাই ভালো আছে। গ্যাসের বিষয়টি সংশ্লিষ্টরা পরীক্ষা করে বলতে পারবেন।
এ ব্যাপারে মোবাইল ফোনে জানতে চাইলে ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান ও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আমিরুল ইসলাম জানান, শ্রেণিকক্ষে উকুন মারার ওষুধের একটা মুখ খোলা ছোট বোতল ছিল। সেটা মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল। ধারণা করা হচ্ছে সেটার গন্ধে প্রথমে দুই-একজন অসুস্থ হয়। পরে বাকিরা ভয়ে অসুস্থ হয়ে যায়। তবে এখনও কারণ নিশ্চিত নয়, পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
