মায়ের জন্মের ১০ মাস আগে মেয়ের জন্ম!
Advertisement
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৫:২৬ পিএম
ভুক্তভোগী কমলা বেগম।
|
ফলো করুন |
|
|---|---|
মায়ের জন্মের ১০ মাস আগে জন্ম নিয়েছে মেয়ে! কথাটি অবিশ্বাস্য মনে হলেও এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে টাঙ্গাইলের ভূঞাপুরে।
স্মার্ট জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) এমন ভুলের দেখা মিলেছে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রুহুলি গ্রামের বাসিন্দা জুলিয়া বেগম ও তার মা কমলা বেগমের পরিচয়পত্রে।
মেয়ে জুলিয়ার স্মার্ট জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ উল্লেখ রয়েছে ১ ফেব্রুয়ারি ১৯৬০। অপরদিকে তার মা কমলা বেগমের জন্মতারিখ ২০ ডিসেম্বর ১৯৬০। সেই হিসাবে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মেয়ের জন্ম হয়েছে মায়ের জন্মের প্রায় ১০ মাস আগে।
অন্যদিকে জুলিয়ার অষ্টম শ্রেণির সনদ অনুযায়ী তার জন্ম ১ ফেব্রুয়ারি ১৯৯৩। সেই হিসাবে তার বর্তমান বয়স ৩৩ বছর। শুধু জাতীয় পরিচয়পত্রেই নয়, ভুলের দেখা মিলেছে জন্ম নিবন্ধনেও। সেখানে তার বর্তমান বয়স দেখানো হয়েছে ৬৪ বছর।
ভুক্তভোগী জুলিয়া বেগম বলেন, স্মার্ট আইডি কার্ডে এত বড় একটি ভুলের কারণে আমি চরম ভোগান্তিতে আছি। বারবার ইউনিয়ন পরিষদ ও উপজেলা নির্বাচন অফিসে গিয়েছি। কর্মকর্তারা বলছেন, এটি সংশোধন করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এ ভুল করেছেন। অথচ তাদের ভুলের খেসারত আমাদের দিতে হচ্ছে।
কমলা বেগম বলেন, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আমার মেয়ের থেকে আমি নাকি ১০ মাসের ছোট। মেয়ের আইডি কার্ডের এ ভুল সংশোধনের জন্য অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় গিয়েছি; কিন্তু কেউ কোনো সমাধান দিচ্ছে না। বিষয়টি নিয়ে আমরা খুবই বিপাকে আছি।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, মায়ের থেকে মেয়ে ১০ মাসের বড়— এটি অবশ্যই বড় ধরনের ভুল। আমি নতুন যোগদান করেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

-6a0d8275c00ed.jpg)