ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু
Advertisement
যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পিএম
‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’ উপলক্ষে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
|
ফলো করুন |
|
|---|---|
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ইলিশ বাংলাদেশের গর্ব। পৃথিবীতে যে পরিমাণ ইলিশ উৎপাদন হয়, তার প্রায় ৭০ শতাংশ বাংলাদেশে উৎপাদিত হয়। মা ইলিশ সংরক্ষণ করা গেলে দেশে ইলিশের উৎপাদন আরও বাড়বে। তাই ইলিশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।
শনিবার (৩ অক্টোবর) বিকালে টাঙ্গাইল সদরের কাকুয়া স্কুল মাঠে উপজেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’ উপলক্ষে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মা ইলিশ সংরক্ষণের সময়ে সরকারের পক্ষ থেকে জেলেদের সহযোগিতা করা হচ্ছে। বর্তমানে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এই সহযোগিতার পরিমাণ আরও বাড়ানোর চেষ্টা করা হবে।
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, কেউ ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে টাকা-পয়সা চাইলে ভুলেও দেবেন না। দলের কেউ এ ধরনের কাজ করলে জানাতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো অন্যায় করতে দেওয়া হবে না।
চরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত এ চরাঞ্চলে বেড়িবাঁধ নির্মাণ করা হবে। ইতোমধ্যে এ প্রকল্প পাস হয়েছে। এছাড়া চরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নের জন্য পর্যটনকেন্দ্র করার ব্যবস্থা করা হচ্ছে। এতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
চরের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি ভালো হাসপাতাল নির্মাণেরও আশ্বাস দেন তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সেলিম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক মো. আহসান হাসিব খান, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. সালমুন হাসান বিপ্লব, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদরের সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদ প্রমুখ।
এ সময় কাকুয়া ইউনিয়নের ২৪৯ জেলে পরিবারের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়। পরে ওমরপুর ব্রিজসংলগ্ন নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে মাছের পোনা অবমুক্ত করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

-6ac1165d8eee5.jpg)