মৌলভীবাজারে বজ্রপাতে ২ জনের মৃত্যু
Advertisement
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৫:৫৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। তাদের একজন ধান কাটতে গিয়ে ও অপরজন রাবার বাগানে কাজের সময় এ দুর্ঘটনার শিকার হন।
শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা দুটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুরে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামে বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হন তালেব মিয়া (৪০)। তিনি রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে।
কামারচাক ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধান কাটার সময় বজ্রপাতে তালেব ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে রাজনগর থানার ওসি মো. ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে দুপুরে কমলগঞ্জ উপজেলার হামিদিয়া চা বাগানের রাবার বাগানের সেকশনে কাজ করতে গিয়ে স্বপন মুন্ডা (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি ওই উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানের বেমারি টিলার বাসিন্দা।
রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

