গরু আনতে গিয়ে গারো পাহাড়ে বন্যহাতির আক্রমণে যুবক আহত
Advertisement
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৭:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নয়া রাংটিয়া এলাকায় গরু আনতে গিয়ে বন্যহাতির আক্রমণ রহেশ কোচ নামে এক যুবক আহত হয়েছেন। ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) বিকাল ৩টার দিকে পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রহেশ কোচ (৪০) পাহাড় সংলগ্ন এলাকায় গরু আনতে যান। বিকালের দিকে গরু নিয়ে ফেরার সময় হঠাৎ একটি বন্যহাতি তার ওপর আক্রমণ চালায়। এ সময় হাতিটি তাকে সুর দিয়ে প্যাঁচিয়ে দূরে নিক্ষেপ করে। এতে সে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়ে কিছুক্ষণ জঙ্গলে লুকিয়ে থাকে। আহত রহেশের ডাক-চিৎকারে এলাকাবাসী ছুটে আসেন।
এ সময় স্থানীয়দের চিৎকারে হাতিটি সেখান থেকে সরে যায়। খবর পেয়ে পরিবারের সদস্য ও এলাকাবাসী আহত অবস্থায় রহেশ কোচকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং তার এক্সরে করে দেখা গেছে মেরুদণ্ডের হাড় সরে গেছে এবং পায়ের গোড়ালিতে ফ্যাকচার দেখে দিয়েছে।
স্থানীয়রা জানান, সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরেই বন্যহাতির বিচরণ রয়েছে। প্রায়ই হাতির দল লোকালয়ে নেমে এসে ফসল নষ্ট, ঘরবাড়ি ভাঙচুর ও মানুষের ওপর হামলার ঘটনা ঘটাচ্ছে। তবে দিনের বেলায় এ ধরনের আক্রমণের ঘটনা খুব কম দেখা যায়। ফলে এখন সাধারণ মানুষ পাহাড় ও আশপাশের এলাকায় যেতে ভয় পাচ্ছেন।
এলাকাবাসীর অভিযোগ, বন্যহাতির উপদ্রব বাড়লেও কার্যকর কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা বন বিভাগ ও প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে আর কোনো প্রাণহানির ঘটনা না ঘটে।
এ বিষয়ে রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, আমি ছুটিতে আছি তবুও ঘটনা জেনে আহত ব্যক্তির খোঁজখবর নেওয়ার জন্য লোক পাঠিয়েছি। গুরুতর আহত হলে সরকারিভাবে অনুদান পাবে।
