ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ ঘর পুড়ে ছাই
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:৫৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ জোড়া পাম্প এলাকায় মঙ্গলবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টিনশেড কলোনির ১৬টি কক্ষ ও তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, পৌরসভার পল্লীবিদ্যুৎ জোড়াপাম্প এলাকায় মঙ্গলবার রাত ১১টার দিকে মন্টু মিয়ার টিনশেড কলোনির ভাড়াটিয়া রাসেদ মিয়ার কক্ষ থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তে আগুনের লেলিহান শিখা পাশের অন্যান্য কক্ষগুলোতেও ছড়িয়ে পড়ে। এদিকে ওই কলোনিতে থাকা অধিকাংশ ভাড়াটিয়া ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে থাকায় প্রায় কক্ষই তালাবদ্ধ ছিল। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড়ির মালিক আরফান আলী মন্টু বলেন, অধিকাংশ ভাড়াটিয়া ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে ছিল। বাড়িতে ছিল দুই ভাড়াটিয়া তাদের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতিসাধন হয়েছে। তবে আমার একটি বাড়ি তাও আগুনে পুড়ে গেল। আমি একেবারে পথে বসে গেলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত জানা যায়নি।
