মায়ের মৃত্যুর খবরে দেখতে গিয়ে নিজেই মৃত্যুর কোলে
Advertisement
ফরিদপুর ব্যুরো
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:৪২ পিএম
মায়ের মৃত্যুর খবরে দেখতে গিয়ে নিজেই মৃত্যুর কোলে
|
ফলো করুন |
|
|---|---|
মায়ের মৃত্যুর খবর পেয়ে তাকে দেখতে গাজীপুর থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন মেয়ে রেশমা বেগম (২৫); কিন্তু নিয়তির নির্মম পরিহাসে মায়ের লাশের কাছে পৌঁছার আগেই সড়ক দুর্ঘটনায় নিজেই লাশ হলেন।
এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ও পাঁচ বছর বয়সি শিশুকন্যা।
রোববার সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার গোন্দারদিয়া এলাকায় মালেকা চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেশমা বেগম সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আব্দুস সাত্তার গাজীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে রেশমা বেগম স্বামী ও সন্তানকে সঙ্গে নিয়ে গাজীপুর থেকে নিজ বাড়ি সাতক্ষীরার উদ্দেশে রওনা হন। প্রথমে তারা বাসে ফরিদপুরে পৌঁছান। পরে সেখান থেকে একটি প্রাইভেটকার ভাড়া করে সাতক্ষীরার পথে যাত্রা শুরু করেন।
পথিমধ্যে মধুখালীর গোন্দারদিয়া এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের প্রাচীরে সজোরে ধাক্কা দেয়। এতে রেশমা বেগম গুরুতর আহত হন। খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
করিমপুর হাইওয়ে থানার ওসি মো. জহুরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে দুর্ঘটনার পর গাড়িচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
