অনুদান পাইয়ে দেওয়ার নামে অর্থ দাবি
দেবীগঞ্জে বিএনপি নেত্রীর অডিও ভাইরাল, বহিষ্কার
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ১০:৫৬ পিএম
নিশি আক্তার
|
ফলো করুন |
|
|---|---|
দেবীগঞ্জ পৌর মহিলা দলের যুগ্ম সম্পাদক নিশি আক্তারের বিরুদ্ধে সরকারি অনুদানের তালিকায় নাম অন্তর্ভুক্তির আশ্বাস দিয়ে অর্থ দাবি সংক্রান্ত ১ মিনিট ১৭ সেকেন্ডের কথোপকথনের একটি অডিও শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
এদিকে এ ঘটনায় রোববার পানিসম্পদ প্রতিমন্ত্রী, জেলা বিএনপির সদস্য সচিব ও পঞ্চগড়-২ আসনের সংসদ-সদস্য ফরহাদ হোসেন আজাদের সিদ্ধান্তক্রমে অভিযুক্ত বিএনপি নেত্রী নিশি আক্তারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দেবীগঞ্জ পৌর বিএনপি সভাপতি ফরিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা উল্লেখ করা হয়।
এদিকে, ভাইরাল হওয়া অডিওতে ভুক্তভোগী এক নারী বিএনপি নেত্রী নিশি আক্তারকে বলেন, ‘আপা তুমি যে গতকাল বললা টাকার কথা, ওইখানে কি কিছু টাকা কমানো যাবে না?’
জবাবে অপর প্রান্ত থেকে মহিলা দলনেত্রী নিশি আক্তারকে বলতে শোনা যায়, ‘যত কম পারা যায় ততটুকুই আমি তোমার জন্য কমাব।’ এরপর ওই নারী আরও বলেন, ‘আমি তো টেনশনে আছি, কি করব বুঝতে পারতেছি না। তুমি তো ফরিদুল ভাইকেও বলতে দিচ্ছ না।’
এ সময় নিশি আক্তারকে বলতে শোনা যায়, ‘এই যে তোমরা এক কান দুকান করি কথাটা ভাসাইতেছ। বড়রা যেভাবে আমাদের বলছে ওইভাবেই তো আমরা করতেছি নাকি? যাহোক তুমি বেশি কমাইও না। ৬ হাজারের মধ্যে দিও।’
এরপর নিশি আক্তারকে বলতে শোনা যায়, ‘তোমার এসএসসি পাশের সার্টিফিকেট আছে? সার্টিফিকেট থাকলে তোমাকে মাটির কাজের সুপারভাইজারের চাকরি নিয়ে দেব। তুমি শুধু আমার কথামতো চলবা।’
এ ব্যাপারে জানতে অভিযুক্ত মহিলা দল নেত্রী নিশি আক্তারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়েই তিনি ফোন কেটে দেওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা মহিলা দলের আহ্বায়ক লিপি আক্তারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অডিওটি শুনেছি এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি বিএনপির কেন্দ্রীয় নেতা ও ভাইয়াকে (প্রতিমন্ত্রী) জানিয়েছি। তিনি এ বিষয়ে ইতোমধ্যে যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন।’
