‘দৌলতদিয়ায় বাসডুবির কারণ ও কারা দায়ী, তদন্তের পর জানা যাবে’
Advertisement
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:৩৪ পিএম
তদন্তকাজের আংশিক অগ্রগতি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ রফিকুল করিম।
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় মেহেরপুরের গাংনী থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স পরিবহণের একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার কারণ উদঘাটন ও দায়-দায়িত্ব নির্ধারণে তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহণ মন্ত্রণালয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে নৌপরিবহণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ রফিকুল করিমকে। এছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) একজন করে প্রতিনিধি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার জামতলা ডাকবাংলোতে বাসডুবির ঘটনার তদন্তকাজের আংশিক অগ্রগতি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ রফিকুল করিম।
তিনি বলেন, আমরা মূলত দুর্ঘটনার বিষয়টি তদন্ত করার জন্য আজ দৌলতদিয়ায় এসেছি। তদন্ত কাজ এখনো শেষ করতে পারিনি। তদন্ত শেষ হওয়ার পর দুর্ঘটনার কারণ কী ছিল এবং এ ঘটনায় কারা দায়ী, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারব। তদন্তের স্বার্থে এর আগে কোনো মন্তব্য করব না।
এ সময় উপস্থিত ছিলেন- রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক উছেন মে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন, নৌ-পুলিশ ফরিদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাজিদ হোসেন, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ত্রিনাথ সাহা এবং গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. সফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
