পাবনায় ক্লাশ চলাকালে মাথায় ফ্যান পড়ে শিক্ষার্থী আহত
Advertisement
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৬:২৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাবনায় ক্লাশ চলাকালে সিলিং ফ্যান খুলে মাথার উপর পড়ে এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) পাবনা পুলিশ লাইনস স্কুলের পঞ্চম শ্রেণির একটি ক্লাশে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী তামজিদ (১০) পাবনা পৌর সদরের অনন্ত এলাকার ফজলুল হকের ছেলে।
স্কুল সূত্রে জানা গেছে, টিফিন শেষে সকাল ১০টা ২০ মিনিটে ক্লাশ শুরু হয়। ক্লাশ চলাকালে সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে স্কুলের দ্বিতীয়তলায় পঞ্চম শ্রেণির ৪০৩ নম্বর কক্ষে একটি সিলিং ফ্যান হঠাৎ খুলে তামজিদের মাথার উপর পড়ে। এতে তার মাথা ফেটে গিয়ে সে গুরুতর আহত হয়।
পরে শিক্ষকরা দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা শিশুটিকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থাপত্র ও ওষুধসহ অভিভাবকদের ডেকে বুঝিয়ে দেওয়া হয়েছে। যেহেতু এটি একটি দুর্ঘটনা, তাই অভিভাবকদের কোনো অভিযোগ নেই।
