মহিলা বিষয়ক কর্মকর্তার অনুষ্ঠানে শেখ হাসিনার স্লোগান সংবলিত ব্যানার
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৫৮ পিএম
মহিলা বিষয়ক কর্মকর্তার অনুষ্ঠানে শেখ হাসিনার স্লোগান সংবলিত ব্যানার
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরে মহিলা বিষয়ক কর্মকর্তার অনুষ্ঠানে শেখ হাসিনার স্লোগান সংবলিত ব্যানার ব্যবহার করা নিয়ে সমালোচনা ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও জানানো হচ্ছে নিন্দা।
অনেকে প্রশ্ন তুলেছেন- নাটোরের বাগাতিপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার এখনো কি বর্তমান সরকারকে মেনে নিতে কষ্ট হচ্ছে কিনা।
বৃহস্পতিবার দুপুরে বাগাতিপাড়া সদর ইউনিয়ন পরিষদে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে যৌতুক, বাল্যবিবাহ, মানব পাচার, অটিজম, ইভটিজিং, যৌন হয়রানি, ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি উঠান বৈঠকের আয়োজন করা হয়।
সেই অনুষ্ঠানে ব্যবহৃত ব্যানারটির উপরের বাম কোনায় লেখা রয়েছে- ‘শেখ হাসিনার বার্তা, নারী-পুরুষ সমতা’।
বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাতাব উদ্দিন বলেন, সরকারি একটি সচেতনতামূলক কর্মসূচিতে প্রায় দুই বছর আগে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট পলাতক শেখ হাসিনার নামসংবলিত স্লোগান ব্যবহার অনাকাঙ্ক্ষিত। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাইমা খাতুন বলেন, আমার ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত কর্মসূচিতে এমন একটি ব্যানার ব্যবহার করা হয়েছে। বিষয়টি নিয়ে আপত্তি উঠেছে। তাৎক্ষণিক আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।
ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রমজান আলী বলেন, ব্যানারটির লেখা দেখে আমরা আপত্তি জানাই; কিন্তু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা আক্তার আমাদের ওপরই চড়াও হন। এমনকি দাম্ভিকতার সঙ্গে বলেন কী করবেন, ট্রান্সফার করবেন? ব্যানারটি সরিয়ে নিতে চাইলেও তিনি রাজি হননি। আমরা এ ঘটনার তদন্ত ও শাস্তি চাই।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা আক্তার সাংবাদিকদের বলেন, এটি আমার ভুল হয়েছে। এ বিষয়ে এর চেয়ে আর বেশি কিছু বলার নেই।
নাটোর জেলা কর্মকর্তা নীলা হাফিয়া বলেছেন, বর্তমান সরকারের সময়ে পূর্ববর্তী সরকারের স্লোগান সংবলিত ব্যানার ব্যবহার করে সরকারি কর্মসূচি আয়োজন করা সমীচীন হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক বলেন, এ ধরনের ব্যানার ব্যবহার করা ঠিক হয়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
