কাঙ্ক্ষিত সমর্থক না মেলায় শোভাযাত্রা হলো না আর্জেন্টিনা সমর্থকদের
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১২ জুন ২০২৬, ১০:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নড়াইলে মোটরসাইকেল শোভাযাত্রার ঘোষণা দিয়েও তা বাস্তবায়ন করতে পারেননি আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা। শুক্রবার (১২ জুন) বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করার ঘোষণা দিয়েছিলেন তারা।
তবে নির্ধারিত সময়ে সমর্থকদের উপস্থিতি প্রত্যাশার তুলনায় কম থাকায় শেষপর্যন্ত শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়নি।
সরেজমিন বিকাল ৪টার দিকে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে দেখা যায়, হাতেগোনা কয়েকটি মোটরসাইকেল নিয়ে কিছু সমর্থক সেখানে অবস্থান করছেন। তাদের পরনে আর্জেন্টিনার জার্সি। কাছে রয়েছে দেশটির পতাকা। তা হাতে নিয়ে ছবি তুলছেন কেউ কেউ। বেশ উচ্ছ্বসিত তারা।
এর মধ্যে কথা হয় মো. হুমায়ুন নামে এক সমর্থকের সঙ্গে। ছোট শিশুকন্যাকে নিয়ে তিনিও এসেছেন শোভাযাত্রায় অংশ নিতে।
হুমায়ুন বলেন, এখানে আমরা এসেছি নড়াইলের সর্বস্তরের আর্জেন্টিনা সমর্থকরা মোটরসাইকেল র ্যালি করব। আমি অনেক আগে থেকেই আর্জেন্টিনা দলকে ভালোবাসি। আমি ম্যারাডোনা ভক্ত ছিলাম। লিওনেল মেসির একজন ভক্ত। আমার মেয়েও আসছে। ও খুব আর্জেন্টিনার ভক্ত। এজন্য কয়েকদিন প্রস্তুতি নিয়ে আমরা এখানে এসেছি।
আগত সমর্থকরা বিকাল ৫টা পর্যন্ত শিল্পকলা চত্বরে অবস্থান নেয়। পরিচিতজনদের ফোন দিতেও দেখা যায়। তবে শেষপর্যন্ত ১০টি মোটরসাইকেলও মাঠে জড়ো হতে দেখা যায়নি; শেষ পর্যন্ত শোভাযাত্রা করার মতো কাঙ্ক্ষিত সমর্থকদের উপস্থিতি না হওয়ায় তারা নিজ কাজে ফিরে যান। যাওয়ার আগে আগামী ১৬ জুন শোভাযাত্রা করার নতুন তারিখ ঘোষণা দিয়ে যান সমর্থকরা।
ইমতিয়াজ অপু নামে এক সমর্থক বলেন, আজ বৃষ্টি হয়েছে। সকাল থেকে আবহাওয়া খারাপ। আমরা তো আগেই প্রচার করেছিলাম আজকে পুরো শহর ঘুরব।
তিনি দাবি করেন, অনেক লোকজনই হয়েছিল। প্রায় ২০-২৫টা গাড়ি হয়েছিল; কিন্তু আমরা এত কম নিয়ে করব না। আমাদের ইচ্ছা আছে অনেক বড় করে করার, যাতে ব্রাজিল সমর্থকরা ভয় পেয়ে যায়। আগামী ১৭ তারিখ আর্জেন্টিনার খেলা। আমরা তার আগের দিন বিকাল ৪টা থেকে শহর ঘুরব। সেটি প্রচার করতেছি।
