ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট স্টেশনের অদূরে দুধপাতিলা গ্রামে রেললাইনের অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকাল পৌনে ৬টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা লোকাল ট্রেনটি দর্শনা হল্ট স্টেশন থেকে চুয়াডাঙ্গা স্টেশনের দিকে যাওয়ার পথে দুধপাতিলা–মুকামতলা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের বয়স আনুমানিক ২৫ ও ২৭ বছর। তাদের পরিচয় এখনো জানা যায়নি। একজন সাদা-নীল রঙের টি-শার্ট পরা ছিলেন এবং অপরজন স্পেন জাতীয় ফুটবল দলের জার্সি পরিহিত ছিলেন।
দর্শনা হল্ট স্টেশন জিআরপি ফাঁড়ির এএসআই এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহানন্দা লোকাল ট্রেনটি দর্শনা হল্ট স্টেশন থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় প্রচণ্ড বৃষ্টির মধ্যে দামুড়হুদা উপজেলার দুধপাতিলা–মুকামতলা এলাকার ১২৭ নম্বর পিলারের কাছে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে মোটরসাইকেলটি ট্রেনের সামনে চলে আসে। এতে ট্রেনের ধাক্কায় তারা গুরুতর আহত হন।
তিনি আরও জানান, ধাক্কার পর দুই যুবক ছিটকে রেললাইনের পাশে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলটি ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত চলে যায়।
খবর পেয়ে দর্শনা হল্ট স্টেশন জিআরপি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে হেফাজতে নেয়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে জিআরপি ফাঁড়ির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করবেন।
