সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমি কারাগারে
|
ফলো করুন |
|
|---|---|
পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজামান মুক্তার স্ত্রী, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য কাজী মৌসুমিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
একই মামলায় পঞ্চগড় সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও পঞ্চগড় যুব মহিলা লীগের সভাপতি নীলুফার ইয়াসমিনকেও কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ভারপ্রাপ্ত জেলা জজ মাহাবুব আলী মুয়াদ এ আদেশ দেন। এ সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, গত বছর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাজীপাড়ায় নিজ বাসভবনে কেক কাটার আয়োজন করেন কাজী মৌসুমি। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনার অভিযোগে গত ২৩ জুলাই পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক মানিক মিয়া বাদী হয়ে ৪৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়র করেন। পরবর্তীতে কাজী মৌসুমি উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিনও লাভ করেন।
জামিনের মেয়াদ শেষে সোমবার তিনি পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল।
আসামিপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মির্জা সারায়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ হাসান প্রধানসহ একাধিক আইনজীবী।
