Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাজশাহী সিটি করপোরেশন

করারোপ ছাড়াই ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৮:২৮ পিএম

করারোপ ছাড়াই ১ হাজার ৯ কোটি টাকার বাজেট ঘোষণা

বাজেট ঘোষণা করছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। ছবি: যুগান্তর

Advertisement

নগরবাসীর ওপর কোনো করারোপ ছাড়াই রাজশাহী সিটি করপোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের ১ হাজার ৯ কোটি ৬৬ লক্ষ ৩০ হাজার ৬৬৫ টাকা ৮১ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে নগর ভবনের সিটি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে আগামি অর্থ বছরের আয় ও ব্যয় সমপরিমাণ হিসাব করে এ বাজেট ঘোষণা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। বাজেটে আয় ও ব্যয়ের বিভিন্ন খাতের বিশদ বিবরণ তুলে ধরেন প্রশাসক।

সংবাদ সম্মেলনে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী সিটি করপোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নাগরিকদের ওপর কোনো নতুন করারোপ বা বিদ্যমান কর বৃদ্ধির প্রস্তাব করা হয়নি। নাগরিকদের স্বস্তি বজায় রেখে উন্নয়ন কার্যক্রম ও সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এই বাজেট দেওয়া হলো।

বাজেটে কিছু নাগরিক সুবিধাও বাড়ানো হয়েছে। বাজেটের চলতি, স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি কয়েকশ প্রকল্পের রূপরেখা তুলে ধরা হয়েছে। বলা হয়েছে বিভিন্ন নাগরিক সুবিধার কথা। অবকাঠামো নির্মাণের বিভিন্ন প্রকল্পের বিবরণ। অভ্যন্তরীণ সূত্র থেকে রাজস্ব আয়ের পাশাপাশি প্রকল্পের বিপরীতে অর্থ বরাদ্দের আশা ব্যক্ত করা হয় বাজেট ঘোষণাতে।

গত অর্থ বছরের (২০২৫-২০২৬) বাজেটে লক্ষ্যমাত্রা ছিলো ৮০৬ কোটি ৬১ লক্ষ ২১ হাজার ২১১ টাকা ৩৬ পয়সা। আগামি অর্থবছরের জন্য (২০২৬-২৭) সংশোধিত আকারে তা ৯৩৪ কোটি ৫২ লক্ষ ৮০ হাজার ৪২৩ টাকা ৪৯ পয়সা দাঁড়িয়েছে। আয় ও ব্যয় সমান ধরে বাজেটের মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৯ কোটি ৬৬ লক্ষ ৩০ হাজার ৬৬৫ টাকা ৮১ পয়সা। 

সংবাদ সম্মেলনে রাসিক প্রশাসক বলেন, তার সময়কালে রাসিকের ছয়টি বিভাগের কার্যক্রম এবং নগরীর উন্নয়ন ও নাগরিকসেবা, চলমান উন্নয়ন কাজ, স্বল্প, মধ্য ও দীর্ষমেয়াদের পরিকল্পনা রয়েছে এবারের বাজেটে। এসব প্রকল্প পরিকল্পনা মোতাবেক পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে।  তিনি বলেন, আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ প্রদান করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। 

প্রধানমন্ত্রীর আস্থা ও দিকনির্দেশনায় রাজশাহী মহানগরীর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং একটি পরিচ্ছন্ন, আধুনিক, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ, বাসযোগ্য ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছি। দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরবাসীর প্রত্যাশা পূরণ, জনদুর্ভোগ লাঘব, পরিবেশ সংরক্ষণ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং নাগরিক সেবাকে আরও সহজ ও গতিশীল করতে রাজশাহী সিটি কর্পোরেশন অঙ্গীকারবদ্ধ।

নাগরিকদের কল্যাণই আমাদের সকল কার্যক্রমের মূল লক্ষ্য। রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, আধুনিক, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ বাসযোগ্য ও শান্তির মডেল নগরীতে রূপান্তরের লক্ষ্যে আমরা বিভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, আলোকসজ্জা, স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা, নগর সৌন্দর্যবর্ধন এবং সবুজায়নে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে।

রাজশাহী সিটি করপোরেশন ও নাগরিকদের সম্মিলিত প্রয়াসে রাজশাহী মহানগরী উন্নয়ন ও নাগরিক সেবার ক্ষেত্রে দেশের অন্যতম মডেল নগরীতে পরিণত হবে বলে আশা করেছেন প্রশাসক।

এদিকে এবারের বাজেটে নগরবাসীর স্বাস্থ্যসেবার দিকে কিছুটা নজর দেওয়া হয়েছে। ঘোষণা অনুযায়ী আগামি অর্থবছরে রাসিক পরিচালিত সিটি হাসপাতালের আধুনিকায়ন, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং শ্রমিক ও সিডিসি সদস্যরাসহ মহানগরীর দরিদ্র জনগোষ্ঠীকে স্বল্পমূল্যে সেবার জন্য অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া  জরুরি সেবার সুবিধার্থে ৪টি সাধারণ ও লাশ বহনকারী দুইটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স ক্রয় করা হবে। স্বল্পমূল্যে নাগরিকেরা অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবেন। মৃত্যু পরবর্তী দাফন ও সৎকারের কার্য সহায়তার জন্য রাসিক ইমাম ও পুরোহিত নিয়োগ করবে। বাস টার্মিনাল, রেল স্টেশনসহ জনবহুল স্থানে বিশুদ্ধ পানির ব্যবস্থা, আধুনিক শৌচাগার ও নামাজ পড়ার স্থান তৈরি করা হবে। রাসিকের নিয়ন্ত্রনাধীণ পার্ক ও বিনোদেন কেন্দ্রে সিনিয়র সিটিজেনদের জন্য ৫০ শতাংশ ছাড়ে প্রবেশের সুযোগ প্রদান করা হবে।

অন্যদিকে রাজস্ব তহবিল বাড়াতে হাল ও বকেয়া কর আদায়ের পাশাপাশি আইন অনুযায়ী নতুন আয়ের খাত সৃষ্টি করে রাজস্ব আদায় বৃদ্ধির দিক-নির্দেশনা রয়েছে।  বীর মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স ৯০ শতাংশ মওকুফ করা হয়েছে, হাল ও বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স নবায়ন, বকেয়া ও দোকান ভাড়া, অটোরিক্সা, চার্জার রিক্সা এবং চালকদের লাইসেন্স ফি সারচার্জ আগামি ১ জুলাই হতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত উপর ১৫ ভাগ মওকুফ করা হয়েছে। আধুনিক বর্জ্য ব্যবস্থার মাধ্যমে ৫ বছর মেয়াদি বায়ো ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প গ্রহণ করা হয়েছে। নগরবাসীকে জলাবদ্ধতা ও মশকমুক্ত করতে বাজেটে বিশেষ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

এদিকে নতুন বাজেটে নগরীর ৩০টি ওয়ার্ডে সড়ক সংস্কার, সৌন্দর্য্যবৃদ্ধি, নাগরিক তথ্য সেবাকেন্দ্র চালু, যানজট নিরসনে পাইলট প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। চলমান ৫টি ফ্লাইওভারের মধ্যে তিনটির কাজ চলতি বছরের মধ্যে শেষ করার আশাবাদ রাখা হয়েছে। নগরীর সড়কগুলো প্রশস্তকরণ ছাড়াও উন্নয়নে বাজেটে বিশেষ বরাদ্দ ঘোষণা করা হয়েছে।

এবারের বাজেটে রাজশাহী মহানগরীর আলোকায়ন ব্যবস্থা আরও আধুনিকায়ন, রাতে নাগরিকদের নিরাপত্তা বৃদ্ধি ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিতে মহানগরীর গুরুত্বপূর্ণ ৩টি স্থানে আধুনিক মানের সুউচ্চ বিদ্যুৎ লাইটের হাইমাস্ট পোল স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

এছাড়া নগরবাসীর নিরাপত্তায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৫৫টি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

রাজশাহী সিটি এলাকা শহর রক্ষা বাঁধকে কেন্দ্র করে প্রস্তাবিত ৫০০ ফিট রিভার ড্রাইভওয়ে এবং এটির সঙ্গে সংযুক্ত প্রস্তাবিত আউটার রিং-রোড নির্মাণ, নগরীতে তিনটি  দৃষ্টিনন্দন সিটি গেট নির্মাণ, গোদাগাড়ী হতে চারঘাট উপজেলা পর্যন্ত মহানগরীর টি-বাঁধ ধরে পদ্মার নদীপথ উন্নতকরণ,  আই-বাঁধের পাশে আধুনিক স্টেডিয়াম নির্মাণ, নগরীতে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে বাস টার্মিনাল স্থানান্তর, ট্রাক টার্মিনাল নির্মাণ, রাজশাহী  বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণে প্রকল্প গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে প্রস্তাবিত বাজেটে নগরীর উত্তরে দুই হাজার শয্যার হার্ট, কিডনি ও বিশেষায়িত  হাসপাতাল গড়ে তোলার কথাও বলা হয়েছে। এছাড়া রাজশাহী সিটি করপোরেশনকে ৬০টি ওয়ার্ডে উন্নীতকরণ, নগরীকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করে উন্নয়ন করা, জনবল নিয়োগ কার্যক্রম শুরু করে রাসিকের কার্যক্রমকে গতিশীল করতে বাজেটে বিশেষ ঘোষণা দেওয়া হয়েছে। শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নেও একাধিক প্রকল্পের ঘোষণা এসেছে এবারের বাজেটে।

বাজেট ঘোষণাকালে অন্যদের মধ্যে প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রাসিকের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী  খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম আঞ্জুমান আরা বেগম ও সচিব সোহেল রানা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সরকার কেন সৌরবিদ্যুতে ঝুঁকছে, জানালেন মন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

সার পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

রক্তপাত বন্ধ করতে পারেননি চিকিৎসক, প্রসূতির মৃত্যু

১২ শিক্ষক মিলেও পাশ করাতে পারলেন না ৩ শিক্ষার্থীকে

১২ শিক্ষক মিলেও পাশ করাতে পারলেন না ৩ শিক্ষার্থীকে

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে ছাত্রলীগ নেতা গ্রেফতার

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিল ছাত্রদল

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম