গজারিয়ায় দুর্ঘটনা, দাউদকান্দিতে ১০ কিমি যানজট
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৬:১২ পিএম
দাউদকান্দিতে মহাসড়কে ১০ কিমি যানজট
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার দাউদকান্দিতে মহাসড়কে ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় দুটি যানবাহনের সংঘর্ষের কারণে এ যানজট সৃষ্টি হয়েছে বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর থেকে পুটিয়া পর্যন্ত ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এতে তীব্র গরমে যানবাহন চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, গভীর রাতে মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় দুটি যানবাহনের দুর্ঘটনার কারণে এই যানজট সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে কুমিল্লা অংশে। তবে যানবাহন চলাচল স্বাভাবিক করতে দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশ কাজ করছে।
ঢাকা থেকে কুমিল্লাগামী এশিয়া লাইনের যাত্রী ইকবাল বাহার বলেন, মেঘনা সেতুর পর থেকেই যানজট শুরু হয়েছে। এ যানজট কুমিল্লা অংশের ইলিয়টগঞ্জ পর্যন্ত গড়িয়েছে। সকাল ৭টায় ঢাকা থেকে রওনা হয়েছি। কুমিল্লা অংশে এসে প্রায় তিন ঘণ্টা যানজটে আটকে ছিলাম।
ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহণের বাসের চালক মো. শামসুল আলম বলেন, ঢাকা থেকে ভোরে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছি। দাউদকান্দি ব্রিজের পর থেকে যানজটে পড়েছি। এর আগে মেঘনা সেতুর পর অনেকটা যানজট মোকাবেলা করেছি। আজকে তীব্র গরমের মাঝে যাত্রী এবং আমাদের অনেক কষ্ট হচ্ছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, মহাসড়কের হাসানপুর থেকে গৌরীপুর পর্যন্ত কিছুটা যানজট রয়েছে। আমরা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি। আশা করি দ্রুততম সময়ের মধ্যে যানজট নিরসন হবে।
