Logo
Logo
×
   

সারাদেশ

সীমান্তে বিজিবির অভিযানে গুলি, পালিয়ে গেল ২ ভারতীয় চোরাকারবারি

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৬:৩৮ পিএম

সীমান্তে বিজিবির অভিযানে গুলি, পালিয়ে গেল ২ ভারতীয় চোরাকারবারি

ফাইল ছবি

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে অভিযান চালাতে গিয়ে দুই ভারতীয় সন্দেহভাজন চোরাকারবারিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে বাহিনীটি।

রোববার (১২ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, নিয়মিত টহলের সময় সীমান্তের মেইন পিলার-১৩ সংলগ্ন বাংলাদেশের প্রায় ৫০ গজ অভ্যন্তরে চারাবাড়ি এলাকায় দুই ব্যক্তির সন্দেহজনক চলাচল লক্ষ্য করেন টহলরত সদস্যরা। তাদের থামতে, পরিচয় দিতে এবং আত্মসমর্পণের জন্য একাধিকবার নির্দেশ দেওয়া হলেও তারা নির্দেশ অমান্য করে ভারতের দিকে পালানোর চেষ্টা করেন।

এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন এবং নিরাপত্তার স্বার্থে ও তাদের গতিরোধের উদ্দেশ্যে গুলি ছোড়েন। পরে দুই ব্যক্তি সীমান্তসংলগ্ন ঝোপঝাড়ের ভেতর দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালালেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবির দাবি, গুলির ঘটনায় কেউ আহত হননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .