Logo
Logo
×
   

সারাদেশ

হত্যা মামলায় সাবেক এমপি লায়লাকে শ্যোন অ্যারেস্টের নির্দেশ

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১১:০১ পিএম

হত্যা মামলায় সাবেক এমপি লায়লাকে শ্যোন অ্যারেস্টের নির্দেশ

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতিকে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ জুলাই) সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মণ্ডলের আদালত মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার এসআই অনাথ মিত্রের আবেদন শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি যশোরের পিকনিক কর্নার এলাকায় সংঘটিত একটি হত্যা মামলায় লায়লা পারভীন সেঁজুতিকে সন্দেহভাজন আসামি হিসেবে নতুন করে গ্রেফতার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট সাতক্ষীরা-১ নম্বর আমলি আদালতে কাশেমপুর গ্রামের ইমদাদুল হক মামলাটি দায়ের করেন। পরে আদালতের নির্দেশে ৪ সেপ্টেম্বর ২০২৪ সাতক্ষীরা সদর থানায় দণ্ডবিধির ৩০২, ২০১, ১৪৯, ৩৪ এবং ৪৬৪ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়।

এজাহারে বাদী অভিযোগ করেন, তার ভাই শহিদুল ইসলাম জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী ছিলেন। ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি রাতে পুলিশ সদস্য এবং তৎকালীন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যান। পরে যশোরের পিকনিক কর্নার এলাকায় গুলি করে হত্যা করা হয়। সেই সময় ঘটনাটি হত্যা হিসেবে আমলে না নিয়ে অপমৃত্যুর (ইউডি) মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছিল বলেও এজাহারে উল্লেখ করা হয়।

এর আগে ২০২৫ সালের ২০ মে রাতে সাতক্ষীরা শহরের রাধানগর এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার হন লায়লা পারভীন সেঁজুতি। এরপর বিশেষ ক্ষমতা আইন, নাশকতা এবং একাধিক হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় তাকে পর্যায়ক্রমে গ্রেফতার দেখানো হয়।

লায়লা পারভীন সেঁজুতির আইনজীবী প্যানেলের সদস্য অ্যাডভোকেট আল মাহামুদ পলাশ বলেন, হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরও নতুন নতুন মামলায় তাকে গ্রেফতার দেখানো হচ্ছে।

তিনি জানান, একাধিক মামলায় সেঁজুতি অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .