তিন দফা দাবিতে সাতক্ষীরায় শিক্ষার্থীদের মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:৩১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্ত এবং শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের খুলনা রোড মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সম্পূর্ণ অরাজনৈতিক ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সাতক্ষীরা সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সাতক্ষীরা ডে-নাইট কলেজ, সাতক্ষীরা সিটি কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শনের মাধ্যমে তাদের তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, প্রশ্নের মান ও পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনা করা এবং বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ নিশ্চিত করা।
বক্তারা বলেন, বর্তমান দুর্যোগ পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী চরম ভোগান্তির মধ্যে রয়েছে। বাস্তব পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় না এনে নেওয়া সিদ্ধান্ত তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি করেছে। তারা শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত গ্রহণযোগ্য সমাধানের আহ্বান জানান।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে দাবি পূরণ না হলে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।
