‘জুলাই আন্দোলন না হলে আমরা এমপি হতে পারতাম না’
Advertisement
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৬:৩৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারি দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পরে সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবর বলেন, বাংলাদেশে জুলাই আন্দোলন সংঘটিত না হলে আজ আমরা এমপি হতে পারতাম না। দেশের গণতন্ত্র যখন গলাটিপে হত্যা করা হয়েছিল; তখন রাজনীতিবিদ, ছাত্র ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে একটি ফ্যাসিস্ট সরকারকে উৎখাতের আন্দোলনে শামিল হয়েছিলেন। সেই আন্দোলনেরই চূড়ান্ত রূপ ছিল জুলাই আন্দোলন।
তিনি বলেন, জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল কয়েকটি বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিলেও, সেসব বিষয় ছাড়া সনদে উল্লিখিত অন্যান্য বিষয়ে সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে। ফলে জুলাই সনদ বাস্তবায়নে সরকার কাজ করবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরিফ রফিকউজ্জামান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
