এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিব প্রত্যাহার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:১৯ পিএম
সাতক্ষীরা সিটি কলেজ
|
ফলো করুন |
|
|---|---|
সাতক্ষীরা সিটি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ভূগোল প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি ভূগোল প্রথমপত্র পরীক্ষার শুরুতে পরীক্ষার্থীদের হাতে প্রথমপত্রের পরিবর্তে দ্বিতীয়পত্রের বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্নপত্র দেওয়া হয়।
উল্লেখ্য, দ্বিতীয়পত্রের পরীক্ষা আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পরীক্ষার্থীরা জানায়, পরীক্ষা শুরু হওয়ার পর প্রায় ১৫ থেকে ২০ মিনিট তারা ভুল প্রশ্নপত্র অনুযায়ী উত্তর লেখা শুরু করেন। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি বুঝতে পেরে প্রশ্নপত্রগুলো ফিরিয়ে নেন। এরপর প্রথমপত্রের সঠিক প্রশ্নপত্র আনতে কিছুটা সময় লাগায় পরীক্ষার্থীদের আগে সৃজনশীল অংশের প্রশ্ন দেওয়া হয়। তবে সেটিও ২০২৫ সালের প্রশ্নপত্র হওয়ায় কয়েক মিনিটের মধ্যেই তা পরিবর্তন করে চলতি বছরের সঠিক প্রশ্নপত্র সরবরাহ করা হয়। সবশেষে নির্ধারিত প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং সময়ের ক্ষতি পুষিয়ে দিতে অতিরিক্ত প্রায় ২০ মিনিট সময় দেওয়া হয়।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা) রিপন বিশ্বাস বলেন, প্রশ্নপত্র বাছাই (সর্টিং) করার সময় কলেজ কর্তৃপক্ষের ভুলের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জানানো হয়েছে। পরে সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করা হয়। প্রাথমিকভাবে কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। আগামী ১৮ জুলাই অনুষ্ঠেয় দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র বহাল থাকবে কিনা, সেই সিদ্ধান্ত শিক্ষা বোর্ড নেবে।
সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেন, ঘটনার বিস্তারিত শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে। তদন্তের স্বার্থে কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম মো. আব্দুস ছালাম বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহারের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ড থেকেও তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে আগামী ১৮ জুলাই নির্ধারিত দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র বহাল থাকবে কিনা, সেই বিষয়ে বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
জানা গেছে, সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রটিতে সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা ডে-নাইট কলেজ, ঝাউডাঙ্গা কলেজ ও শহীদ স্মৃতি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রশ্নপত্র বিতরণে এমন গুরুতর ত্রুটির কারণে পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তির সৃষ্টি হলেও পরে সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা সম্পন্ন করা হয়। বর্তমানে শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসনের তদন্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্টদের।
