চট্টগ্রামের লবণ ফ্যাক্টরিতে অগ্নিদগ্ধ ২ শ্রমিকের মৃত্যু
Advertisement
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:০৭ এএম
নিহত দুই শ্রমিক
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন মো. দিদার (৩২) ও নুরুল আলম (৩৫) নামের দুই শ্রমিক মারা গেছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইউনিটে তাদের মৃত্যু হয়।
দিদার বোয়ালখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের বদন আলী তালুকদার বাড়ির রুহুল আমিনের ছেলে, অন্যজন পটিয়া উপজেলা হুলাইন এলাকার ইয়াছিন আউলিয়া মাজার বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে নুরুল আলম।
অন্য দগ্ধরা হলেন- রাঙ্গুনিয়ার বিরাজ মোহন দাশের ছেলে উজ্জ্বল দাশ (৫৩), সদরঘাট থানার আবুল কালামের ছেলে মোহাম্মদ লিটন (২৮), লোহাগাড়ার ছালে আহমদের ছেলে সিরাজুল ইসলাম (৩৪), রাউজানের মৃত আমিনুল হকের ছেলে জাহিদুল আলম (৪২), বোয়ালখালীর মোহাম্মদ ইব্রাহিমের ছেলে মোহাম্মদ জাহিদ হোসেন (৩৮), বোয়ালখালীর নূর চ্চাপার ছেলে নূর নবী (২৫), পটিয়ার খায়ের আহমদের ছেলে মাহামুদুল হক (৪৫) এবং চন্দনাইশ থানার আলতাজ মিয়ার ছেলে সেলিম উদ্দিন (৩০)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জনকে চমেক হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের দগ্ধের মাত্রা বেশি হওয়ায় অবস্থা আশঙ্কাজনক।
বোয়ালখালী থানার ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, কারখানায় ঝালাইয়ের কাজ চলছিল। এ সময় শর্টসার্কিট থেকে আগুনের সৃষ্টি হয়। আগুন দ্রুত পাশের কাগজের স্তূপে ছড়িয়ে পড়লে শ্রমিকরা দগ্ধ হন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
