নেত্রকোনায় এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৭:৫১ পিএম
নেত্রকোনার খালিয়াজুরি উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় এনসিপি জেলা কমিটির জ্যেষ্ঠ সদস্যসচিব ও উপজেলা কমিটির আহবায়ক মুশফিকুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার খালিয়াজুরিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির জ্যেষ্ঠ সদস্যসচিব ও উপজেলা কমিটির আহবায়ক মুশফিকুর রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।
মুশফিকুর রহমানের অভিযোগ, কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র দিয়ে তার মাথা ও হাতে আঘাত করেন। পরে দলের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এনসিপির দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২৪ জুলাই দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী ও সারজিস আলমের নেত্রকোনা সদর ও খালিয়াজুরিতে ‘জুলাই গড়তে পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। কর্মসূচি উপলক্ষে কেন্দ্রীয় নেতাদের সম্ভাব্য সভাস্থল পরিদর্শনে যান জেলা আহবায়ক ইঞ্জিনিয়ার ইফতেখার শামীম, সিনিয়র যুগ্ম আহবায়ক তারেক জামিল ফয়েজী ও সাংগঠনিক সম্পাদক মিনহাজ সোহেলসহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের কয়েকজন নেতা। পরিদর্শন শেষে তারা উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় খাবার খেতে গেলে কয়েকজন ব্যক্তি অতর্কিতে মুশফিকুর রহমানের ওপর হামলা চালান।
এ ঘটনায় খালিয়াজুরি থানার ওসি মো: নাসির উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে এখনও কেউ কোনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

