দল হেরে যাওয়ার পর আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৬:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে দল হেরে যাওয়ার পর সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাফিজুর রহমান ওরফে লাল্টু নামে এক আর্জেন্টিনার সমর্থকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুলাই) সকালে সাতক্ষীরা পৌর শহরের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত হাফিজুর রহমান লাল্টু (৩৫) সাতক্ষীরা পৌর শহরের রসুলপুর এলাকার মো. আনছার আলীর ছেলে।
মৃত হাফিজুর রহমান লাল্টুর চাচা মো. জাকির হোসেন জানান, সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ফুটবল খেলায় লাল্টু আর্জেন্টিনার সমর্থক ছিলেন। আর্জেন্টিনার প্রতিটি খেলা তিনি কদমতলা এলাকায় বড় পর্দায় দেখতেন। প্রতিবারের মতো সোমবার ভোরে কদমতলা এলাকায় বড়পর্দায় তিনি বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল খেলা দেখেন। এর আগে সেখানে রান্না করে তারা সবাই একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। খেলায় আর্জেন্টিনা হেরে যাওয়ার পর মন খারাপ করে তিনি বাড়ি চলে যান। এর কিছুক্ষণ পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
এ বিষয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান জানান, সোমবার সকালে হাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে তার স্বজনরা চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
