শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৮:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চুয়াডাঙ্গায় শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যার মামলায় আসামি আবুল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
দীর্ঘ আড়াই বছর পর সোমবার দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোক্তাগীর আলম একমাত্র আসামি আবুল হোসেনকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানার আদেশ দেন।
রায়ের পর দণ্ডিত আসামিকে কঠোর পুলিশি প্রহরায় কারাগারে পাঠায় পুলিশ।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২১ ডিসেম্বর এক শিশুকে শাক তুলে দেওয়ার কথা বলে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন আবুল হোসেন। পরে শিশুর মা ও প্রতিবেশীরা গিয়ে গলাকাটা লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন।
২০২৪ সালের ৩১ অক্টোবর জীবননগর থানার এসআই সাইফুল ইসলাম তদন্ত শেষে উপজেলার গয়েশপুর গ্রামের আবু তাহের মোল্লার ছেলে আবুল হোসেন ওরফে ফটিককে (২৯) একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আবুল হোসেন চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এছাড়া তার ডিএনএ পরীক্ষার রিপোর্টও পজিটিভ আসে। বিচার প্রক্রিয়ায় মোট ৩১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমএম শাহজাহান মুকুল রায়ে সন্তোষ প্রকাশ করেন।
আসামিপক্ষের স্টেট ডিফেন্স আইনজীবী ছিলেন ওহিদুজ্জামান মুকুল।
