অনলাইন জুয়ায় জড়িত তরুণী জেলহাজতে
|
ফলো করুন |
|
|---|---|
অনলাইন জুয়া পরিচালনায় জড়িত রুনা পারভীন নামে এক তরুণীকে আদালত জেলহাজতে পাঠিয়েছেন। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এর আগে রোববার রাতে অনলাইন জুয়ার সরঞ্জামসহ ডিবি পুলিশ তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, অনলাইন বেটিং ও জুয়াবিরোধী বিশেষ অভিযানে রোববার (১৯ জুলাই) রাতে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল-মোড়লপাড়া গ্রাম থেকে রুনা পারভীনকে আটক করা হয়। তিনি ওই গ্রামের নুরুল আমিনের মেয়ে।
পুলিশ তার কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত বিভিন্ন আইএমইআই নম্বর ও সিমকার্ড সংবলিত দুটি স্মার্টফোন উদ্ধার করে।
ডিবি পুলিশ জানায়, সাতমাইল এলাকার দেলবার মণ্ডলের বাড়িতে কয়েকজন ব্যক্তি নিষিদ্ধ বিভিন্ন অনলাইন বেটিং সাইট ব্যবহার করে অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ও ই-ট্রানজেকশনের মাধ্যমে জুয়ার আসর পরিচালনা করছে- এমন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই জয়নুল আবেদীনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও রুনা পারভীনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে রুনা অনলাইন জুয়ার সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন বলে ডিবি পুলিশের দাবি।
এসআই জয়নুল আবেদীন জানান, ওই তরুণীর বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়। পরে শার্শা থানার পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
