বিদ্যালয়ের দেয়াল ধসে ৩ ছাত্রী আহত
Advertisement
কুমিল্লা উত্তর প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১০:২৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুরে দেয়াল ধসে কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির তিন ছাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার (২০ জুলাই) বিকালে রামকৃষ্ণপুর দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের স্থানীয়রা উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।
আহতরা হলেন- মেহনা আক্তার, তানিশা এবং ইরসালনা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, বিকাল ৪টা ১০ মিনিটে স্কুল ছুটি হলে শিক্ষার্থীরা বাড়ি ফেরার পথে আনুমানিক ৪টা ৩০ মিনিটে রামকৃষ্ণপুর দক্ষিণপাড়ায় মহসিন মিয়ার বাড়ির দেয়াল ধসে তিন শিক্ষার্থী আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক দিনের টানা বৃষ্টিতে দুর্বল হয়ে পড়া মহসিন মিয়ার বাড়ির একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে। এ সময় ওই পথ দিয়ে বাড়ি ফিরছিল রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির তিন ছাত্রী। দেয়ালের নিচে চাপা পড়ে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত শিক্ষার্থীদের সঙ্গে থাকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন জানান, আহত তিন ছাত্রীরই পায়ের হাড় ভেঙেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য অর্থোপেডিক বিশেষজ্ঞের কাছে নেওয়ার প্রস্তুতি চলছে।
