Logo
Logo
×
   

সারাদেশ

জামায়াত এমপি নজরুলের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ, কুশপুত্তলিকা দাহ

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৪:০১ পিএম

জামায়াত এমপি নজরুলের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ, কুশপুত্তলিকা দাহ

প্রতিবাদ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

কিশোরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে তাকে দল থেকে বহিষ্কার, সংসদ সদস্য পদ বাতিল এবং শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানানো হয়।

বুধবার (২২ জুলাই) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা সদরে ‘সচেতন নাগরিক সমাজে’র ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না, উপজেলা মহিলা দলের সভানেত্রী নুর জাহান পারভীন ঝর্ণা, উপজেলা বিএনপির সহসভাপতি চেয়ারম্যান মাসুদুল আলম, চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলুসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশ পরিচালনা করেন উপজেলা বিএনপির নেতা গাজী শাহ আলম।

বক্তারা অভিযোগ করেন, ধর্মীয় মূল্যবোধ ও ইসলামের আদর্শের কথা বলে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন অভিযোগ জনমনে ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে। তাদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও একজন সংসদ সদস্যের মর্যাদা ও জনআস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে।

সমাবেশ থেকে বক্তারা গাজী নজরুল ইসলামকে শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা করেন। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি ২৪ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে দল থেকে বহিষ্কারের আহ্বান জানান। পাশাপাশি সংসদ সদস্য হিসেবে তার পদ বাতিলের লক্ষ্যে জাতীয় সংসদের স্পিকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

সমাবেশ চলাকালে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। পরে শ্যামনগর প্রেস ক্লাবের সামনে গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন।

উল্লেখ্য, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .