Logo
Logo
×
   

সারাদেশ

একই রাতে চার দোকানে চুরি

Icon

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৫:৫৬ পিএম

একই রাতে চার দোকানে চুরি

দাগনভূঞা থানা

দাগনভূঞা পৌর শহরের চৌধুরীহাট সড়ক এলাকায় একই রাতে চারটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে আয়েশা মার্কেট ও এর আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যবসায়ীরা জানান, চোরেরা দুটি জুতার দোকানের গোডাউন এবং দুটি মুদি পণ্যের গোডাউনে প্রবেশ করে বিপুল পরিমাণ মালামাল নিয়ে যায়। চুরি হওয়া পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের জুতা, দামি ছাতা, শিশুদের দুধ, কনফেকশনারি পণ্য, তেলসহ বিভিন্ন ধরনের মুদি সামগ্রী। এতে ব্যবসায়ীদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

একই রাতে পরপর চারটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, রাতে বাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।

দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন বলেন, চোরেরা রাতের আঁধারে দোকান ও গোডাউনের তালা কেটে ভেতরে প্রবেশ করে মালামাল নিয়ে গেছে। একই রাতে চারটি ব্যবসা প্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এতে ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বাজার এলাকায় রাতের নিরাপত্তা ও পুলিশি টহল আরও জোরদার করার দাবি জানান ব্যবসায়ীরা।

দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা চলছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .