Logo
Logo
×
   

সারাদেশ

উপকূলে সুপেয় পানি সংরক্ষণে প্রতিমন্ত্রীর ট্যাংক বিতরণ

Icon

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০:৩২ পিএম

উপকূলে সুপেয় পানি সংরক্ষণে প্রতিমন্ত্রীর ট্যাংক বিতরণ

রামপালে তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) বেলা ১১টায় রামপাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চত্বরে এ ট্যাংক বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

জলবায়ু ট্রাস্ট ফান্ডের উদ্যোগে রেইন ওয়াটার হার্ভেস্টিংয়ের মাধ্যমে সুপেয় পানির সংকটে থাকা পরিবারের মাঝে এসব ট্যাংক বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী, বাগেরহাট জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, রামপাল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজীব আল রশিদ, উপজেলা বিএনপি সভাপতি হাফিজুর রহমান তুহিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, সুপেয় পানির তীব্র সংকটে থাকা উপকূলের রামপাল ও মোংলার দরিদ্র মানুষের মাঝে আপাতত ৩ হাজার পানির ট্যাংক বিতরণ করা হবে। এর ধারাবাহিকতায় শুক্রবার ৮২টি ট্যাংক বিতরণ করা হয়। এখানে লবণ পানিতে সয়লাব। কোথাও তেমন মিষ্টি পানির উৎস নেই। তাই বৃষ্টির পানি সংরক্ষণের জন্য এই ট্যাংক দেয়া হচ্ছে। জলবায়ু ট্রাস্ট ফান্ডের আওতায় পর্যায়ক্রমে উপকূলের প্রত্যেক ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, এখানে টিউবওয়েলের পানিতেও লবণ। তাই সুপয়ে পানির চাহিদা পূরণে এখানকার সব সরকারি পুকুর সংস্কার করা হবে। সেগুলো সুপেয় পানির আধারে পরিণত করা হবে। এসব পুকুরে কেউ মাছ চাষ করতে পারবে না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .