Logo
Logo
×
   

সারাদেশ

জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা!

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১১:০১ পিএম

জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা!

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে স্থাপিত যৌথবাহিনীর অস্থায়ী ক্যাম্পে ব্যবহৃত পানিতে বিষ মিশিয়েছে দুর্বৃত্তরা। রোববার সকালে ক্যাম্পে থাকা সদস্যরা পানি ব্যবহার করতে গিয়ে তীব্র বিষাক্ত দুর্গন্ধ ও অস্বাভাবিক ফেনা দেখতে পান।

তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সব সদস্যকে ওই পানি ব্যবহার থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পানির নমুনা সংগ্রহ করে এবং পানির সরবরাহ লাইনের একটি অংশ থেকে বিষের খালি কৌটা উদ্ধার করে। সময়মতো বিষয়টি বুঝতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ভূমিদস্যু ও সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। চলতি বছরের শুরুতে সেখানে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‌্যাব-৭-এর উপসহকারী পরিচালক (ডিএডি) মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। এরপর সেখানে অস্থায়ী যৌথবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়েছে।

এলাকাটি সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে প্রশাসন। এসব অভিযান ব্যাহত করতে সন্ত্রাসীদের একটি বাহিনী বিভিন্ন সময় নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

এরই মধ্যে অস্থায়ী ক্যাম্পে হামলা, গুলিবর্ষণ এবং স্থাপনা ভাঙচুরের ঘটনাও ঘটেছে। যৌথ বাহিনীর সদস্যদের এলাকা থেকে সরিয়ে দিতেই পানির সঙ্গে বিষ মেশানো হয়েছে বলে প্রশাসনের ধারণা।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম যুগান্তরকে বলেন, ক্যাম্পে দায়িত্বরত পানির মোটর অপারেটর সকালে গিয়ে দেখতে পান পানিতে সাদা ফেনা ও তীব্র দুর্গন্ধ। বিষয়টি জানানোর পর তাৎক্ষণিভাবে ওই পানি ব্যবহার না করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে কোনো সদস্য অসুস্থ হননি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .