Logo
Logo
×
   

সারাদেশ

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৩:৩৪ পিএম

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

এ ঘটনায় অভিযুক্ত ফরহাদ হোসেনকে আটক করেছে পুলিশ।

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ফরহাদ হোসেনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত মুনিরা খাতুন (২৬) ধামইরহাট উপজেলার অমরপুর গ্রামের মাসুদের মেয়ে। আটক ফরহাদ হোসেন জয়পুরহাট জেলার আটুল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মুনিরা খাতুন তার বোন মহসিনাকে সঙ্গে নিয়ে চিকিৎসা নিতে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এদিকে গৃহবধূর স্বামী ফরহাদ হোসেন রোববার ভোরে ঢাকা থেকে বাড়িতে ফেরেন। দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রীর হাসপাতালে থাকার খবর পেয়ে ফরহাদ হোসেন সেখানে যান। এ সময় হাসপাতালের সামনে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ফরহাদ হোসেন ক্ষোভের বশে স্ত্রীর বুকে ও পেটের বাম পাশে ছুরিকাঘাত করেন।

ছুরিকাঘাতের পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করে থানার পুলিশের কাছে হস্তান্তর করেন। গুরুতর আহত অবস্থায় মুনিরা খাতুনকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্ত স্বামী ফরহাদ হোসেনকে আটক করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .