সব দুর্নীতির তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে: হুইপ জিকে গউছ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১০:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় সংসদের হুইপ জিকে গউছ এমপি বলেছেন, বিএনপি জনগণের দল। তাই আমরা সব কাজেই জনগণকে সম্পৃক্ত করছি। সব কিছুই জনগণকে অবহিত করছি। আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। জনগণের টাকা কেউ বিদেশে পাচার করবে তা হতে পারে না। বিগত ১৭ বছর জোরপূর্বক একটি দল ক্ষমতা দখল করে রেখেছিল। জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না। তাই তাদের কোনো দায়বদ্ধতাও ছিল না। যে যেভাবে পেরেছে, সেভাবেই চলেছে। দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। সব দুর্নীতির তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের শাহজালাল উচ্চ বিদ্যালয়, সুলতানশী ও গঙ্গানগরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের মধ্যে বস্ত্র বিতরণকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পরে ১ হাজার দরিদ্র নারী ও পুরুষের মধ্যে লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।
পরে হুইপ জিকে গউছ এমপি জেলা কারাগার পরিদর্শন করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক বন্যায় খোয়াই নদীর কালীগঞ্জ অংশে বাঁধ ভেঙে ৩টি ইউনিয়নের অন্তত ৩৫টি গ্রাম প্লাবিত হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় অন্তত ৫০ হাজার মানুষ। এরপর থেকে বিএনপি ও প্রশাসনসহ নানান সামাজিক সাংস্কৃতিক সংগঠন ক্ষতিগ্রস্তদের সহায়তায় তাদের পাশে দাঁড়ান।
