ধামরাইয়ে খাল খননে উদ্বৃত্ত ১ কোটি টাকা ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন
Advertisement
ধামরাই দক্ষিণ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৯:১৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার ধামরাইয়ে দুটি খাল খননের কাজ শেষ করে বরাদ্দের অব্যবহৃত প্রায় ১ কোটি ৫ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন উপজেলা প্রশাসন। খননের সঠিক তদারকির কারণে এ টাকা বেচে যায় বলে জানান কর্তৃপক্ষ।
স্থানীয়রা বলেন, প্রকল্প বাস্তবায়নের পর উদ্বৃত্ত নগদ টাকা কোষাগারে ফেরত দেওয়ার ঘটনা বিরল। খাল দুটি খননের মাধ্যমে কৃষিজমিতে সেচ ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং বর্ষার পানি নিষ্কাশন সহজ হবে। একই সঙ্গে স্থানীয় কৃষি উৎপাদন বাড়ানোর ক্ষেত্রেও প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন বলেন, ধামরাই সদর ইউনিয়নের ইকুরিয়া খাল ও কুল্লা ইউনিয়নের বাড়িগাঁও খাল ৪ দশমিক ১৬০ কিলোমিটার খননের জন্য ২ কোটি ৮ লাখ ৯৪ হাজার টাকা বরাদ্দ দেয় সরকার। খাল দুটি খনন কাজ শেষ হওয়ার পর মোট প্রায় ১ কোটি ৫ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়।
গত ১৬ জুলাই ধামরাইয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ২০ হাজার কিলোমিটার খাল খননের মধ্যে এই ধামরাইতে দুইটা খাল খনন করার কথা ছিল ২ কোটি ৮০ লাখ টাকা দিয়ে। আপনারা এমন এমপি পেয়েছেন ২ কোটি ৮০ লাখ টাকার খাল খনন করার পর এক কোটি টাকার বেশি সরকারের কাছে ফেরত দিয়েছেন।
ঢাকা-২০ আসনের এমপি মো. তমিজ উদ্দিন বলেন, কৃষি ও কৃষকদের ভাগ্য উন্নয়নে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে প্রথম খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। তার সুফলও স্থানীয় কৃষকরা পেয়েছেন। সেই ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন ও পুনঃখনন কর্মসূচি শুরু করেছেন। সারা দেশের মতো ধামরাইয়ের কৃষকরাও এর সুফল পাবেন।
