‘মুখের ভাষার জন্য একটি দল বারবার প্রতিরোধের মুখে পড়ছে’
টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:৫১ পিএম
মাদারীপুর সরকারি কলেজ মাঠে করিম খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার
|
ফলো করুন |
|
|---|---|
মুখের কথায় সবকিছু জয় করা যায় না উল্লেখ করে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, একটি দলের মুখের ভাষার কারণেই বিভিন্ন জায়গায় তারা প্রতিরোধের মুখে বারবার পড়ছে। মুখের রাজনীতি নয়, দেশের স্বার্থে কাজের রাজনীতি করলেই সেই দলটির আগামী ভবিষ্যৎ ভালো হবে।
শুক্রবার বিকালে মাদারীপুর সরকারি কলেজ মাঠে করিম খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খোকন তালুকদার বলেন, বিগত দিনে বিএনপির ৫শ-৬শ রাজনীতিবিদদের গুম-খুন করেও রাজপথ থেকে কেউ সরাতে পারেনি। যার ফল জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন।
কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক খোকন তালুকদার আরও বলেন, গত ১৭ বছরের পাশাপাশি জুলাই আন্দোলনের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই আন্দোলন সমাপ্তও হয় তারেক রহমানের হাত ধরে। অথচ, দেশের রাজনীতির সব অর্জন নতুন একটি দল নিতে চায়, এটা দেশের মানুষ কখনই মেনে নিবে। আগামীর বাংলাদেশ তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন খোকন তালুকদার।
ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে আনিসুর রহমান খোকন তালুকদার মাদারীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক লুৎফর রহমান খান, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।
