দুপুরে ৩৬ জুলাই তোরণ নির্মাণ, রাতে আগুন
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১০:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নির্মিত ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার দুপুরে উপজেলার শিশু পার্কের সামনে জুলাই গণঅভ্যুত্থানে সব শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে তোরণ নির্মাণ করে পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। পরে রাতেই সেই তোরণে আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে নিহত শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে তোরণটি নির্মাণ করা হয়। পরে আনুমানিক রাত ১২টার দিকে কে বা কারা আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী বলেন, দুপুরে তোরণটি নির্মাণ করার পর আমরা গোপালগঞ্জ-৩ আসনের এমপি এসএম জিলানীর সঙ্গে কোটালীপাড়ায় একটা অনুষ্ঠানে ছিলাম। পরে শুনতে পাই রাত ১২টার দিকে কে বা কারা সেই তোরণে আগুন ধরিয়ে দিয়েছে। যারা এ কাজ করেছে তারা জুলাই যোদ্ধাদের অপমান করেছে। তাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা তদন্ত করা হচ্ছে। তবে এ ব্যাপারে রোববার দুপুর পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
