ঘরের পাটাতনের উপর লুকিয়েও শেষ রক্ষা হলো না যুবলীগ নেতার
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৮:৫১ পিএম
হাবিবুর রহমান তালুকদার
|
ফলো করুন |
|
|---|---|
পুলিশ আসার খবর শুনে বাড়ির পাটাতনের ওপর গিয়ে লুকিয়েও রক্ষা হলো না যুবলীগ নেতা হাবিবুর রহমান তালুকদারের। সেখান থেকেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাত ১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে যুবলীগ নেতা হাবিবুর রহমান তালুকদারকে গ্রেফতার করে টুঙ্গিপাড়া থানার পুলিশ।
সোমবার দুপুরে তাকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী।
গ্রেফতার হাবিবুর রহমান তালুকদার ডুমুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও একই ইউনিয়ন পরিষদের ৪, ৫, ৬নং ওয়ার্ডের মহিলা সদস্য নাসরিন বেগমের স্বামী।
ওসি আইয়ুব আলী বলেন, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবের সম্পৃক্ততা ছিল। তাই রোববার তাকে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশ তার বাড়িতে যায়। সেই খবর শুনেই তার কাঠের ঘরের পাটাতনে ওপর গিয়ে লুকান তিনি। সেখান থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ।
ওসি আরও বলেন, সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হাবিবুর রহমান তালুকদারের বিরুদ্ধে একাধিক প্রতারণা ও চেকের মামলা রয়েছে।
