পুকুরে ভাসছিল ফুটবল, আনতে গিয়ে শিশুর মৃত্যু
Advertisement
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০:৪৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর গোয়ালন্দে পুকুরে ভেসে থাকা ফুটবল আনতে গিয়ে পানিতে ডুবে সিয়াম মৃধা নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার উজানচর ইউনিয়নের দিরাজতুল্লা মৃধাপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন সালাম মৃধার পুকুরে এ ঘটনা ঘটে।
শিশু সিয়াম (৩) ওই গ্রামের শিপন মৃধার ছোট ছেলে।
শিপন মৃধার প্রতিবেশী স্কুলশিক্ষক জহির রায়হান, জহিরুল ইসলাম পাপ্পুসহ কয়েকজন জানান, সোমবার সকালে শিশু সিয়াম এবং তার আরেক ভাই পার্শ্ববর্তী পুকুরপাড়ে খেলা করছিল। এ সময় পরিবারের লোকজন বাড়ির কাজ নিয়ে ব্যস্ত ছিল। সকাল ৮টার দিকে পুকুরে সিয়ামের লাশ ভেসে উঠে।
তারা আরও জানান, দুই দিন ধরে সালাম মৃধার পুকুরে একটি ফুটবল ভাসছিল। ধারণা করা হচ্ছে শিশু সিয়াম পুকুরে ভাসমান ফুটবলটি তুলে আনতে পানিতে নেমে ডুবে যায়। ঘণ্টাখানেক পর সকাল ৮টার দিকে তার লাশ ভেসে উঠলে সিয়ামকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
