Logo
Logo
×
   

সারাদেশ

৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৮:৩৫ পিএম

৫ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা

৫ আগস্ট ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে বিশেষ সতর্কতা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুল্লাহ এ বিষয় নিশ্চিত করেছেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, ৫ আগস্টের তাৎপর্য ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান, জনসমাগমপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দিনটি ঘিরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টি করতে না পারে।

দিনটি উপলক্ষে জেলা পুলিশের পাশাপাশি ৫ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন এপিবিএন ও ৫ প্লাটুন রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) মোতায়েন করা হয়েছে। এছাড়া সার্বক্ষণিক তৎপর রয়েছে জেলা পুলিশ।

২০২৪ সালে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটে। ওই দিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণআন্দোলনের মুখে দেশত্যাগ করে ভারতে যান।

শেখ হাসিনার দেশত্যাগের পর তার জন্মস্থান গোপালগঞ্জে  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় হতে শুরু করেন। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে তারা একত্রিত হয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন। এরপর থেকে জেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা ধারাবাহিকভাবে বিক্ষোভ, সমাবেশ ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলন-সংগ্রাম গড়ে তোলেন।

জেলার বিভিন্ন সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা সেনাবাহিনীর একটি গাড়িতে অগ্নিসংযোগ করে, কয়েকজন সেনাসদস্যকে আহত করে এবং তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেয় বলে অভিযোগ ওঠে।

গোপালগঞ্জের এসপি মো. হাবিবুল্লাহ বলেন, গোপালগঞ্জ একটি বিশেষ জেলা, সেই কারণে আগে থেকেই পুলিশ সতর্ক আছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, অন্যান্য দিনের মতো ৫ আগস্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে আশা করছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .